রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের ২৫ তম দলনেতা মুবিদ, সহকারী নাহিয়ান

বিশ্বব্যাপী মানবিক সংস্থা যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো.মুবিদ হাসান এবং সহকারী দলনেতা-১ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আল নাহিয়ান। মো.মুবিদ হাসান ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ২৩-২৪ সেশন এবং আল নাহিয়ান একই বিভাগের মাস্টার্সের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী। এছাড়া সহকারী দলনেতা- ২ হিসেবে সম্মানজনক পদোন্নতি পেয়েছেন মো: নাইমুর রহমান নাঈম।
সোমবার( ১৮ আগস্ট) ঢাকা কলেজ রেড ক্রিসেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষ ও যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের সভাপতি অধ্যাপক এ কে এম ইলিয়াস নতুন দায়িত্বপ্রাপ্ত দের পদোন্নতি পত্রের মাধ্যমে দায়িত্ব প্রদান করেন। এসময় অত্র ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ,সাবেক দলনেতা এবং বর্তমান নির্বাহী বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের নতুন দলনেতা মুবিদ হাসান বলেন, ঐতিহ্যবাহী যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিট এর ২৫ তম দলনেতা হিসেবে দায়িত্ব পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এ অর্জন আমার জন্য যেমন গৌরবের, তেমনি বিশাল এক দায়িত্বও বটে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, সিনিয়র ভাই এবং আমার সকল যুব সদস্যকে, যাদের ভালোবাসা, সহযোগিতা ও উৎসাহ ছাড়া আজকের এই অবস্থানে আসা সম্ভব হতো না। আশা করি আগামীতেও সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা সবসময় আমার সাথে থাকবে।
তিনি আরও বলেন,মানবতার সেবায় আরও কার্যকর জরুরী উদ্যোগসহ জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার মতো একটি দক্ষ টিম গড়ে তোলা এবং দেশের দুর্যোগকালীন সময়েও মানবসেবার মতো কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সুসংগঠিতভাবে আমাদের ইউনিটকে সবার কাছে একটি অনুকরণীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার মতো বেশ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
উল্লেখ্য, প্রতিবছর রেড ক্রিসেন্টের নতুন দলনেতা নির্বাচন করা হয়। এর আগে ২৪ তম দলনেতা হিসেবে রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের দায়িত্ব পালন করেন আল আমিন খান আলভী ।
পিসিআর/ বিআর