২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, চলতি সপ্তাহেই রুটিন প্রকাশ

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে। আজ শনিবার (১৮ এপ্রিল) এক বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। পাশাপাশি চলতি সপ্তাহের মধ্যেই পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে বলেও জানা গেছে।
এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড প্রাথমিকভাবে আগামী ৭ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে মন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখ পরিবর্তন করে ২ জুলাই নির্ধারণ করা হয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী বছরগুলোতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্র চালুর ফলে মূল্যায়নে সমতা ও পরীক্ষার মানোন্নয়ন নিশ্চিত হবে। পরীক্ষার্থীদের এখন রুটিন প্রকাশের অপেক্ষায় থাকতে বলা হয়েছে।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস