অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে ঢাকা কলেজ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আবু সালেহ্ , ঢাকা কলেজ প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজের শাখার দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান ' অপারেশন ডেভিল হান্টের ' চতুর্থ দিনে টাঙ্গাইলের মির্জাপুর থেকে তাদের গ্রেফতার করা হয় ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মির্জাপুরের নাজিরপাড়া ও কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূইয়া রাজা (৩৪) ও মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুরন্ত মিয়া (২১)।
পুলিশ জানায়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূইয়া রাজা দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে পুলিশ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুড়িপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
একই দিনে উপজেলার নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুরন্তকেও গ্রেপ্তার করা হয়।