ভোটকেন্দ্রে কাবিলাকে পেয়ে উচ্ছ্বসিত নাসীরুদ্দীন পাটওয়ারী, বললেন—‘সিনেমার ভেতরে ঢুকে গেছি’

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে ভোটকেন্দ্রে দেখা মিলল তারকা ও প্রার্থীর এক ভিন্ন মুহূর্তের। ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট দিতে এসে জনপ্রিয় অভিনেতা কাবিলার সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। মুহূর্তটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, ভোটকেন্দ্রে কাবিলাকে দেখে নিজেই এগিয়ে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। কুশল বিনিময়ের পাশাপাশি তিনি ভোটের আবেদনও জানান। এ সময় তিনি কাবিলাকে উদ্দেশ করে বলেন, “আমি আপনার সিনেমা ছোটবেলায় দেখেছি। আর এখন তো বাস্তবে সিনেমার ভেতরে ঢুকে গেছি।”
প্রার্থীর এমন মন্তব্যে হাসিমুখে সাড়া দেন অভিনেতা কাবিলা। দু’জনের এই প্রাণবন্ত মুহূর্ত উপস্থিত ভোটারদের মধ্যেও কৌতূহল সৃষ্টি করে।
এদিকে নির্বাচন ঘিরে শোবিজ অঙ্গনেও দেখা যাচ্ছে সরব উপস্থিতি। ভোট দিয়ে মত প্রকাশ করেছেন সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, চিত্রনায়ক ওমর সানীসহ আরও অনেকে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
রাজনীতির মাঠের পাশাপাশি তারকাদের অংশগ্রহণে ভোটের আমেজ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস