ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে তাঁর দেশ। তিনি এমন একসময়ে এই হুমকি দিলেন, যখন লেবাননের সঙ্গে তাঁর দেশের যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে আলোচনার শুরু হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকানদের অব্যাহত প্রচেষ্টা এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলের ওপর মার্কিন চাপের খবরের মাঝেই প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমাদের আমেরিকান মিত্ররা ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে আমাদের ক্রমাগত আপডেট রাখছে।’
নেতানিয়াহু আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের লক্ষ্যগুলো এক সুতোয় গাঁথা। আমরা চাই ইরান থেকে সমৃদ্ধ উপাদানগুলো সরিয়ে নেওয়া হোক এবং আমরা ইরানের অভ্যন্তরে তাদের সমৃদ্ধকরণ সক্ষমতার বিলুপ্তি দেখতে চাই। অবশ্যই, আমরা (প্রধান নৌপথ) প্রণালিগুলো পুনরায় খুলে দেওয়া দেখতে চাই।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘এটি কীভাবে শেষ হবে, এমনকি কীভাবে এগোবে—তা বলার সময় এখনো আসেনি। যুদ্ধ পুনরায় শুরু হতে পারে—এমন আশঙ্কা সামনে রেখে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।’