রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের আনন্দ মিছিল

ঢাকা কলেজ প্রতিনিধি : পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ঢাকা কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাসে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আসর নামাজের পর মিছিলটি ঢাকা কলেজের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে আবাসিক হল পাড়া প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
উক্ত স্বাগত মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়-
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ,আহলান সাহলান মাহে রমজান,রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে,অশ্লীলতা বেহায়াপনা চলবে না, চলবে না,দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ করতে হবে,আল-কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল-হাদীসের আলো ঘরে ঘরে জ্বালো,বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব।
এসময় ঢাকা কলেজ শাখার সভাপতি মুস্তাকিম আহমেদ বলেন, আমরা এই রমজান পেয়ে অনেক বেশি আনন্দিত। সবাইকে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার জন্য অনুরোধ করছি। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস এলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে রমজান এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। যারা দেশের দায়িত্ব পালন করছেন, তাদের কাছে দাবি জানাই-তারা যেন এ বিষয়গুলোর প্রতি নজর রাখেন।
ঢাকা কলেজ শাখার সেক্রেটারি সাইমুন ইসলাম সানি বলেন,রমজান মাস মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে নিয়ামতের একটি মাস। এই মাসেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে, আর এই মাসেই এমন একটি রাত রয়েছে যা হাজার রাতের চেয়েও উত্তম। আমরা কতদিন বাঁচব তা জানি না, তাই যেন আমরা রমজানের যথাযথ হক আদায় করে তা পালন করতে পারি।
ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে রমজানে শিক্ষার্থীদের জন্য ইফতারের ব্যবস্থা, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ রমজানে বিশেষ ইফতার আয়োজন এবং অর্থসহ কুরআন তিলাওয়াতকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস