সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৭ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী উপজেলার ধুবনী কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘কুঁড়েঘর অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এ মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে এলাকার ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের ওজন, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পুরো কার্যক্রমটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে।
আয়োজকরা জানান, গ্রামাঞ্চলের অনেক অসহায় মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনায় রেখেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে তারা সহজেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ নিতে পারেন।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা শিরিনা বেগম বলেন, ‘বাড়ির কাছেই এমন ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুবই উপকার হয়েছে। ঈদের পর পরই এই সহায়তা আমাদের জন্য অনেক স্বস্তির।’
অপর এক রোগী আব্দুর রশিদ বলেন, ‘এ ধরনের উদ্যোগ আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই দরকারি। এখানে এসে সহজেই চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা করাতে পেরে আমি সন্তুষ্ট।’
কুঁড়েঘর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রুকনুজ্জামান পলাশ বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।’
তিনি আরও বলেন, ‘তরুণদের অংশগ্রহণে এ ধরনের সেবামূলক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং মানুষের মধ্যে সহমর্মিতা বাড়ায়।’
উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরু করা কুঁড়েঘর অ্যাসোসিয়েশন একটি তরুণ-নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ঈদসামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস