মেহেরপুরে যৌথ বাহিনীর চেকপোস্টে জামায়াত নেতার ব্যবহৃত মাইক্রো থেকে অস্ত্রসহ ৩ জন আটক

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : মেহেরপুর শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি মাইক্রোবাস থেকে ধারালো চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা তাজ উদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে যৌথ বাহিনী শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে নিয়মিত গাড়ি তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬) থামিয়ে তল্লাশি করা হয়।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, তল্লাশি চলাকালে গাড়ির ভেতর থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি চাইনিজ কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার এবং ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।
উল্লেখ্য, আগের দিন রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির শফিকুর রহমানের মেহেরপুর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থানে ছিল। এরই অংশ হিসেবে যৌথ বাহিনীর এই তল্লাশি অভিযান চালানো হয়।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস