ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন না রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন না রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতির দপ্তর থেকে নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী করণীয় বিষয়ে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এবার দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোট গ্রহণ চলবে।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস