যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ।
বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নতুন এই কমিটিতে খন্দকার রিয়াজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত খন্দকার রিয়াজ মাঠপর্যায়ের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তৃণমূল স্তর থেকে ছাত্রদলের রাজনীতি করে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার ত্যাগ, লড়াই, সংগ্রাম ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তার হাতে নতুন দায়িত্ব তুলে দিলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
নতুন দায়িত্ব পেয়ে খন্দকার রিয়াজ বলেন,
আমি সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
এছাড়াও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহযোদ্ধা নেতাকর্মী এবং আমার রাজনৈতিক পথচলার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্রদলের একজন কর্মী হিসেবে তৃণমূল থেকে রাজনীতি করে আজকের এই দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের এবং একই সঙ্গে অনেক বড় দায়িত্বের বিষয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা পাশে ছিলেন, তাঁদের অবদান আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি বিশ্বাস করি, এই দায়িত্ব পালনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দলের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।
আমি বিশেষভাবে আমার প্রিয় পটুয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। পটুয়াখালীর সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণা সবসময় আমাকে সাহস জুগিয়েছে। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি আমি পটুয়াখালীর সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং তাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার পাশে থাকতে চাই। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক উন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত পটুয়াখালী গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, দলের স্বার্থে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব।
প্রতিদিনের ক্যাম্পাস/আরএইচ