হামলায় আহত ঢাকা কলেজ শিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির
.jpg)
ছাত্রদলের হামলায় আহত ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৫ আগস্ট) রাত ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের সুস্থতা কমান করেন তিনি। এসময় হাসপাতালে ভর্তি আহতদের একে একে কেবিনে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আহতদের স্বজনদের সান্ত্বনা দেন।
জামায়াত আমির সাংবাদিকদের বলেন, চার দিন ধরে বিভিন্ন শিক্ষাঙ্গণে শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কী পরিমাণ বাড়াবাড়ি করেছে, তা দেখেছেন। এরপর মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজে তাণ্ডব চালিয়েছে। এতটাই বেপরোয়া ছিল যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি, জিএসসহ অনেককে মারাত্মকভাবে জখম করেছে।
ছাত্রদল-যুবদলের হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি প্রত্যেক আহত ব্যক্তির যথাযথ ও উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, এনডিএফ-এর সেক্রেটারি ডা. মাহমুদ হাসান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ অন্যান্য নেতৃবৃন্দ।