সাইন্সল্যাবে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ উত্তেজনা, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ প্রতিনিধি : পূর্ব ঘটনার জের ধরে আজ দুপুরে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। একই সময়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথেও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২২জানুয়ারি) দুপুর ১২ টা থেকে প্রায় সোয়া ১টা পর্যন্ত সাইন্সল্যাব মোড় ও গ্রিণরোডে এ সংঘর্ষ ঘটে। এতে রাস্তার যানচলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গত ২ দিনে ঢাকা কলেজের ৭ জন্য শিক্ষার্থী আইডিয়ালের শিক্ষার্থী কর্তৃক হামলার শিকার হয়েছে। এমনকি চাইনিজ কুরাল দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
এই ঘটনার জের ধরে আজ সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অগ্রসর হলে রাজধানীর সাইন্সল্যাবে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর পুলিশের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাকবিতন্ডায় জড়ালে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
এর আগে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাংচুর করে এবং তাদের ক্যাম্পাসের দিকে নিয়ে যায়। পরে পুলিশ সেই বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আইডিয়ালের শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
প্রায় দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানচলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে নিউমার্কেট থানার তদন্ত কর্মকর্তা বলেন, ওরা কি কারনে মারামারি করে বলেও না আর জানেওনা। তবে কারণটা আমরা জানার জন্য চেষ্টা করছি। হতাহতের তেমন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
এছাড়া আইডিয়াল ও ঢাকা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে সংঘর্ষের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষের মূল কারণ ওরাই ভালো বলতে পারবে। এদের মধ্যে কখন কি নিয়ে বাধে তা বোঝা মুশকিল তবে মারামারি লাগলে আমাদের মাঠে নামতে হয়। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিদায় করেছি।
তিনি আরো জানান, আজকে আইডিয়ালের শিক্ষার্থীরা আমাদের একটি বাস আটকে রেখেছিলো পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।
সংঘর্ষের সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষে যারা জড়ায় তাদের সবাইকে আমরা ডিটেক্ট করতে পারি না। তবে পুলিশ চাইলে ব্যবস্থা নিতে পারে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
হতাহতের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আজকে আমাদের একজন শিক্ষার্থী আহত হয়েছে। গত পরশু দিন আমাদের কলেজের একজন এসোসিয়েট প্রফেসর আহত হয়েছেন। উনার সিটি স্ক্যান করানো হয়েছে। উনি সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীকে আইডিয়ালের শিক্ষার্থীদের মারধরের হাত থেকে বাচানোর জন্য গিয়ে আহত হন বর্তমানে তিনি রেস্টে আছেন।
উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে 'শান্তি চুক্তি' করা হয়। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তী সময়ে এক মাসও টেকেনি সেই অঙ্গীকার। ১০ ডিসেম্বরই ফের পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে জড়ায় উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। এসময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছিলো।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস