ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত দেড় মাসে অর্থাৎ ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ২২ জন শিশুর প্রাণহানি ঘটেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন, বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। গুরুতর অবস্থায় একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালএ পাঠানো হয়েছে।
মৃত দুই শিশুর মধ্যে একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১০ মাস বয়সী শিশু, গত ২৫ এপ্রিল ভর্তি হয়ে শিশুটি ৩০ এপ্রিল রাতে মারা যান। অন্যজন জামালপুরের ইসলামপুর উপজেলার ৫ মাস বয়সী শিশু, যিনি হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান। চিকিৎসকদের মতে, উভয় শিশুর মৃত্যুর কারণ ছিল 'সন্দেহজনক হাম' থেকে সৃষ্ট নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত মোট ৯৯৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যুর সংখ্যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত দেড় মাসে হাসপাতালে ভর্তি হওয়া ৯৯৬ জন রোগীর মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে ফিরেছেন। তবে গত ২৪ ঘণ্টায় যে দুটি শিশু মারা গেছে, তারা হামের জটিলতা হিসেবে নিউমোনিয়া এবং পরবর্তীতে হার্ট ফেইলিউরে আক্রান্ত ছিল। শিশুদের সময়মতো হামের টিকা প্রদান এবং অসুস্থ হওয়ার সাথে সাথে কোনো বিলম্ব না করে হাসপাতালে নিয়ে আসা জরুরি।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস