ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলে বাধা, সাইন্সল্যাব মোড়ে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক :শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অভিমুখে যাত্রা করা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, পরীক্ষা শেষে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের উদ্দেশ্যে একটি মিছিল বের করে।
মিছিলটি সাইন্সল্যাব মোড়ে পৌঁছালে পুলিশ তাদের অগ্রসর হতে বাধা দেয়। শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
এ ঘটনার বিষয়ে শিক্ষার্থী মুনতাসির বলেন, “আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ একটি র্যালি বের করেছিলাম। এজন্য পুলিশ আমাদের ওপর ক্ষুব্ধ হয়। পরে স্যারদের জানানো হলে আমাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, “পুলিশ ছাত্রদের গায়ে হাত দিয়েছে। এই সময় ছাত্রলীগ বা অন্য কোনো দলের কিছু লোক ছাত্র সেজে আউটড্রেসে এসে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। কিন্তু পুলিশ মনে করছে আমরা মারছি।”
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরীক্ষা শেষে কলেজ বাস ছেড়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশ ফোন করে জানায়, কিছু শিক্ষার্থী সাইন্সল্যাবের দিকে গেছে। পুলিশ জানায়, তারা শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে এবং গেটের সামনে অবস্থান করছে। এরপর গেটে থাকা কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, হাদি হত্যার প্রতিবাদে মিছিল করছিল।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে কলেজে ফেরত পাঠানোর চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কিছুটা বাকবিতণ্ডা হয়।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা ঘটনার তদন্ত করছি এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
প্রতিদিনের ক্যাম্পাস //এএস